চট্টগ্রামের রাউজান থানাধীন একটি পারিবারিক মন্দির থেকে চোরাই স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাউজানের চিকদাইর এলাকায় রাউজান টেকনিক্যাল স্কুলের উত্তর পাশে অবস্থিত মনসা মন্দির থেকে মনসা দেবীর পরিহিত স্বর্ণালংকার ও রৌপ্য চুরি হয়।
চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন ছিল দুই ভরি আট আনা, যার আনুমানিক মূল্য ছয় লাখ টাকা এবং রৌপ্যের ওজন চার ভরি, যার মূল্য প্রায় পনের হাজার টাকা।
ঘটনা জানার পর চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম দ্রুত মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে রাউজান থানার ওসিকে নির্দেশ দেন। এর ভিত্তিতে ওসি মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ আমিন, এসআই মোঃ জান্নাতুন নাঈম রাজন ও এএসআই মোঃ রবিউল আলমের সমন্বয়ে একটি বিশেষ দল তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা চালায়।
গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সিয়ামকে শনাক্ত করে ২৩ আগস্ট সকাল ৯টার দিকে পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার ঘরের স্টিলের আলমিরা থেকে কানের দুল, মাথার টিকলী, লকেট ও বেলপাতাসহ দুই ভরি এক আনা স্বর্ণালংকার এবং গলার চেইন ও নুপুরসহ চার ভরি রৌপ্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত কিছুদিন ধরে মন্দিরে যাতায়াত করে পূজা-অর্চনার সময় পরিবেশ পর্যবেক্ষণ করে এবং পূর্বপরিকল্পিতভাবে সুযোগ বুঝে চুরিটি সংঘটিত করে।
মন্দিরের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশুতোষ সিংহের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে।

