ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে রায়ের পর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকায় নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নুসরাতের মা।
শিরিন আক্তার বলেন, “নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকে এটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল। কিন্তু আজকের রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, এটি হত্যাকাণ্ড। আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, “বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।” এ অবস্থায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
নুসরাত হত্যা মামলায় সোমবার হাইকোর্ট দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম। এছাড়া চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
২০১৯ সালের ৬ এপ্রিল মাদরাসার ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় একই বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।
হাইকোর্টের রায়ের পর নুসরাতের পরিবারের বাড়িতে নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

