দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা করাই এখন বিএনপির প্রধান দায়িত্ব।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থেও কাজ করা হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি জনগণের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, হাজারো ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি তা মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।
দলের নাম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম, অপকর্ম বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রার্থী বাছাইয়ের দায়িত্ব স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের ওপর থাকবে। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাও রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

