চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেছেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের গুরুত্বপূর্ণ স্মারক। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে।
সোমবার (২৪ আগস্ট) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, “বর্তমানে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিএনপি সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীল ভূমিকা পালন করছে।”
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় পুরাতন রেলস্টেশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়ে জেলা প্রশাসকের চত্বরে গিয়ে শেষ হবে। একই দিন দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এ সময় বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়া এবং রুহুল কবির রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সভায় মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

