বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ব্যালট শেষ, ভোট দিতে না পেরে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস চালক ও শ্রমিকরা।

- Advertisement -

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নগরের কদমতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে কদমতলী রেলগেট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, সকাল থেকে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছিল। বিকেলের দিকে দীর্ঘ সারি পেরিয়ে অনেক শ্রমিক ভোট দিতে গেলে তাদের জানানো হয়, ব্যালট পেপার শেষ হয়ে গেছে। ফলে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভোটার ভোট দিতে পারেননি বলে দাবি করেন তারা।

এ নিয়ে ভোটারদের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বলে শ্রমিকরা অভিযোগ করেন। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

শ্রমিকরা জানান, নির্বাচনে মোট ভোটার ৩ হাজার ৫৬১ জন। ভোটারদের নম্বর অনুযায়ী আলাদা বুথ করার কথা থাকলেও যথাযথ ব্যবস্থাপনা না থাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ জটলা ও বিশৃঙ্খলা তৈরি হয়।

আন্দোলনরত শ্রমিক রফিকুল ইসলাম অভিযোগ করেন, ভোটার কার্ড ও নম্বর যথাযথভাবে যাচাই না করেই দ্রুত ভোট নেওয়া হয়েছে। অনেক বৈধ ভোটারকে ব্যালট দেওয়া হয়নি। আবার বহিরাগত বা ভুল ভোটার নম্বরের ব্যক্তিদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ার কথা জানিয়ে অনেক ভোটারকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইলেও সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।

ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম বলেন, “শ্রমিকদের নির্বাচনকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে। পরে তারা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালী, সদরঘাট ও ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।”

অবরোধের কারণে কদমতলী রেলগেট এলাকায় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও