চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুরের পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাম্বল ছড়ারব্রিজ এলাকায় অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ এবং মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেলটি তল্লাশির সময় ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। মাদক পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুরো বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে ইউনিয়নভিত্তিক জনমত গড়ে তোলার কাজ করছে থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

