চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে মিছিল করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সিএমপির পাঁচলাইশ মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশ জানায়, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এসআই মো. সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় অফিসার-ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় মিছিল করার প্রাক্কালে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটি পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২২, তারিখ ২৯ আগস্ট ২০২৬।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

