শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সব বিবেচনায় রোজার পরই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সবকিছু বিবেচনা করেই রোজার পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।

- Advertisement -

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “সব বিবেচনা করেই রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই।”

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতের বিভিন্ন দুর্বলতা সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

কারিগরি শিক্ষায় আরও শিক্ষক প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টিও সমাধানের জন্য কাজ চলছে। জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যেই সরকার কাজ করছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বিশ্বজুড়ে এ খাতে চীনের অনেক সফলতা রয়েছে। চীনের সেই অভিজ্ঞতা কীভাবে বাংলাদেশে কাজে লাগানো যায়, সে লক্ষ্যেই দেশটির আমন্ত্রণে সফর করা হয়েছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষকদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এ ছাড়া শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক চীনা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল সরবরাহের লক্ষ্যেও চীনা ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও