চট্টগ্রাম নগরের আবাসিক ভবনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপন এবং পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার (৩১ আগস্ট) সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিদর্শক দল নগরীর একুশে হাসপাতাল, বাস্কেট সুপার মার্কেট, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সার্জিস্কোপ হাসপাতাল, মেডিকেয়ার হাসপাতাল ও পিস পার্ক হাসপাতালে এ আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, একুশে হাসপাতাল ও প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আবাসিক ভবনে নিয়মবহির্ভূতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। দুটি প্রতিষ্ঠানের কেউই পরিদর্শনের সময় সিডিএর অনুমোদিত নকশা দেখাতে পারেনি। এছাড়া বাস্কেট সুপার মার্কেট ভবনের গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের নির্ধারিত জায়গা দখল করে বাণিজ্যিক আউটলেট পরিচালনা করছিল। অন্যদিকে সার্জিস্কোপ, পিস পার্ক ও মেডিকেয়ার হাসপাতালেও কোনো নির্ধারিত পার্কিং ব্যবস্থা পাওয়া যায়নি।
অনিয়মের চিত্র সামনে আসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিডিএ কার্যালয়ে অনুমোদিত নকশাসহ যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পর্যাপ্ত পার্কিং নিশ্চিত ও বিদ্যমান ঘাটতি নিরসনে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, নগরীকে যানজটমুক্ত রাখতে এ ধারাবাহিক অভিযান চলছে। সেবার নামে কোনো প্রতিষ্ঠানকে অনিয়ম করতে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

