শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দীনেশের বার্তা, ‘অতীতে আটকে থাকা যাবে না’

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

- Advertisement -

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দীনেশ ত্রিবেদী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী ঘটছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং করাও উচিত নয়। জনগণ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা ভালোভাবে বুঝবে বলেও মন্তব্য করেন তিনি।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব দুই দেশের সাধারণ মানুষের ওপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব উভয় দেশেরই রয়েছে।

তিনি বলেন, ‘সীমান্তের সঙ্গে আমরা স্বপ্নও শেয়ার করি। সেজন্য প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নয়।’

বাংলাদেশ ও ভারত উভয় দেশই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকবেই। বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি ভারতের চ্যালেঞ্জও বুঝতে হবে। এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে।

দুই দেশের অতীত সম্পর্ক ও ঘটনাপ্রবাহ প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বলেন, ‘অতীত আমরা ভুলতে পারি না, কিন্তু অতীতে আটকে থাকারও কোনো জায়গা নেই। অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ হবে না।’

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে জনগণের কল্যাণে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও