চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার বিক্রির জন্য রাখা, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেহেদীবাগ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে হোটেলের খাবার তৈরি, বিক্রির জন্য বাসি রুটি ও পরোটা সংরক্ষণ, মেয়াদবিহীন খাদ্যপণ্য বিক্রি এবং খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা এবং ক্যাফে মদিনা অ্যান্ড বিরানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
চসিকের পক্ষ থেকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

