চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ষোল বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর মরদেহ। নিহতের নাম রাইসা আনজুম রামিসা।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আছমত মিয়া মেম্বার বাড়ি থেকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামিসা বোয়ালখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রায়খালী এলাকার প্রবাসী মো. জামাল উদ্দিনের মেয়ে। বাবা প্রবাসে থাকায় সে বৃদ্ধা নানীর সঙ্গে পূর্ব শাকপুরায় বসবাস করত।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল তিনটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরে রামিসা। এরপর দীর্ঘক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে তার নিথর দেহ। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের মধ্যে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে নামানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোয়ালখালী থানা পুলিশ। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

