শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

গ্যাস সিলিন্ডারের ভেতর ৪৩ হাজার ৭৭০ ইয়াবা, আনোয়ারায় আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন কালা বিবি দিঘীর মোড় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে কালা বিবি দিঘীর মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির একপর্যায়ে একটি সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টের সামনে এলে সেটি থামানো হয়। এ সময় তল্লাশি চালানোর সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিএনজিতে থাকা দুই ব্যক্তিকে আটক করে র‌্যাব সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে আবদুর রহিম (৪৭)।

পরে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২২টি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে সর্বমোট ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত সবুজ রঙের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

আটক দুই মাদক কারবারি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

সর্বশেষ

এই বিভাগের আরও