শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে নারী-পুরুষ ও নবজাতকের ম-রদে-হ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে এক পুরুষ, এক নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম কাজ করছে। পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৯ আগস্ট ওই নারী ও পুরুষ নতুন ভাড়াটিয়া হিসেবে ফ্ল্যাটটিতে ওঠেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। এরপর থেকেই ফ্ল্যাটটির দরজা-জানালা প্রায় সব সময় বন্ধ থাকত।

শুক্রবার ফ্ল্যাটটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতর থেকে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও