শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নভেম্বরে চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলা, উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আগামী নভেম্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।

সিএমসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে সিএমসিসিআই নেতারা ব্যাংকের প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া কিছু শিপিং এজেন্টের পণ্য হস্তান্তরের বিষয়ে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা মন্ত্রীকে অবহিত করেন।

এ সময় ব্যবসায়ী নেতারা বিষয়টি প্রতিরোধে শিপিং আইন ও ফ্রেইট ফরওয়ার্ডার আইনে জরুরি সংশোধনের প্রস্তাব দেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে শুনে অর্থমন্ত্রী বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে অবৈধভাবে পণ্য হস্তান্তরের সঙ্গে জড়িত শিপিং লাইন ও ফরওয়ার্ডারদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোর মাধ্যমে ব্যবসায়ীদের পাওনা অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

এ ছাড়া এ ধরনের প্রতারণার শিকার প্রতিষ্ঠানগুলো যাতে কোনো ধরনের হয়রানির মুখে না পড়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন অর্থমন্ত্রী।

সাক্ষাতে সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, মোহাম্মদ শাহ্ আলম, শিপিং অ্যান্ড পোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফউল্লাহ মনসুর এবং আইনশৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও