চট্টগ্রামের মিরসরাইয়ে চৈতন্যেরহাট-আবুরহাট বাজার সংযোগকারী আহমদ কবির সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। ১৭ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ ও ২৪ ফুট প্রশস্ত সড়কটির উন্নয়নকাজ শুরু হলো।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চৈতন্যেরহাট বাজারে এ কাজের উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। পর্যায়ক্রমে মিরসরাইসহ সারা দেশে উন্নয়নকাজ চলমান রয়েছে।
দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং বিরোধী দলের আন্দোলন নিয়েও বক্তব্য দেন তিনি। নুরুল আমিন বলেন, বিরোধী দল ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে এবং তা না মানলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে। তবে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে দাবি করে তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে দল থেকে চেয়ারম্যান পদে একজন, সাধারণ সদস্য পদে নয়জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে তিনজনকে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে নুরুল আমিন বলেন, কেউ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক ব্যবসায় জড়িত হলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে দল কোনো ছাড় দেবে না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক মেম্বার সঞ্চালনা করেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলিউল কবির ইকবাল, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য আবুরহাট-চৈতন্যেরহাট আহমদ কবির সড়কের কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

