রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত থেকে সদ্য বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন)-এর ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

উপ-পুলিশ কমিশনার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভবনের একটি কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

ঘটনার বিস্তারিত আলামত সংগ্রহ ও তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর পুলিশ আনুষ্ঠানিকভাবে কক্ষে প্রবেশ করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

তবে ঠিক কখন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানাতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় এবং বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও