আগামী ২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নির্বাচনের সময়সূচির বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “বার্ষিক পাবলিক পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণের কথা ভাবছে কমিশন।
নভেম্বর ও ডিসেম্বর জুড়ে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা থাকায় এ সময়ে ভোট গ্রহণ সম্ভব হচ্ছে না। সব বিবেচনায় আশা করছি, জানুয়ারিতে নির্বাচন শুরু করা যাবে।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “আমরা আগে একটি সম্ভাব্য তারিখ চিন্তা করেছিলাম। তবে পরবর্তীতে দেখা গেল ওই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাছাড়া সম্প্রতি দেশের কিছু অঞ্চলে বন্যার কারণেও শিক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাই পবিত্র রমজান, ঈদুল ফিতর, দুর্গাপূজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্বিক সময়সূচি বিবেচনায় নিয়েই নতুন করে ভোটের দিনক্ষণ নির্ধারণের চেষ্টা চলছে।”
সরকারের কোনো প্রভাবেই কমিশনের সিদ্ধান্ত বদলায়নি উল্লেখ করে এই নির্বাচন কমিশনার জোর দিয়ে বলেন, “সরকারের কোনো রাজনৈতিক চাপে নির্বাচন কমিশন পিছিয়ে যায়নি বা তারিখ পরিবর্তন করেনি। বরং বাস্তব পরিস্থিতি, দেশের বিদ্যমান আইন ও সংবিধান অক্ষুণ্ন রেখেই ইসি যেকোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে।”

