শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অডিও ক্লিপ ছড়ানোর ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় ওসি রাকিবুল গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর আলোচনার মধ্যে প্রত্যাহার হওয়া ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার বিকেলে ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার নাজমুল হক।

গণমাধ্যমকে তিনি বলেন, রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিবুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার’ অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

পরদিন তাকে মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তার সহকর্মী পুলিশ কর্মকর্তারা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করতে শোনা যায়। সেখানে রাস্তায় থাকা পুলিশ সদস্যদের দুর্বল উল্লেখ করে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না—এমন বক্তব্যও শোনা যায়।

এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিএনপির দিকে ঝুঁকে পড়ার দাবি এবং পুলিশে পদায়নের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও ওই অডিওতে কথা বলতে শোনা যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের নামে ছড়িয়ে পড়া অডিওটি তারই কণ্ঠের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ে জোর

তেলের দাম বাড়তেই বাড়ল বাসভাড়া

এই বিভাগের আরও