চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান (এলজি), ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ মোঃ নাছির উদ্দীন (৪৩) নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নাছির উদ্দীন হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়ির বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে পুলিশ জানতে পারে, নাছির উদ্দীনের বসতঘরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুদ রয়েছে।
তথ্য পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুর রহমানের নেতৃত্বে আভিযানিক দল নাছির উদ্দীনের বাড়িতে অভিযান চালায়।
রাত ৩টা ১০ মিনিটের দিকে পুলিশ তার বসতবাড়িতে পৌঁছে তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এছাড়া কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটারগান (এলজি) এবং ৭ রাউন্ড তাজা শটগানের কার্তুজ। উদ্ধারকৃত কার্তুজগুলোতে ‘SHAKTIMAN EXPRESS MADE IN INDIA’ লেখা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাছির পুলিশকে জানান, রাউজানের বাসিন্দা তার বন্ধু মোঃ তৈয়ব (৪৫) তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এই অস্ত্র ও গোলাবারুদগুলো তার জিম্মায় রেখে গিয়েছিলেন। দেশে ফিরে অস্ত্রগুলো বুঝে নেওয়ার কথা ছিল।
ঘটনায় জড়িত পলাতক আসামি মোঃ তৈয়বকে গ্রেফতার এবং অস্ত্রগুলোর মূল উৎস অনুসন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে ১৮৭৮ সালের ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯A/১৯(f) ধারায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

