রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে সেখান থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে যায়। সেখানে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
মিছিলের ব্যানারে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা ছিল বলে জানা গেছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একদল মানুষকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়।
আটকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি ইমদাদুল ইসলাম।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময়ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
গুলশানে ঝটিকা মিছিলের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

