দেশের বাজারে সোনার অলংকারের দাম আবারও কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম হ্রাসের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সমন্বিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ভালো মানের সোনার ভরিপ্রতি দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এরপর ২৮ সেপ্টেম্বর আবারও কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। সর্বশেষ ২৯ সেপ্টেম্বরের ২ হাজার ২১৬ টাকা ছাড়সহ টানা তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দর কমলো সর্বমোট ৬ হাজার ৬৫ টাকা।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (আগের দিন ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা কমে নতুন দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ হাজার ৮০৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ হাজার ১০৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
সোনার পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার অলংকারের দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

