বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন’—মীর শাহে আলম

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে সরকারি সুবিধার আওতাভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

- Advertisement -

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্ধারণে কোনো বৈষম্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন। দেশের কোনো নাগরিকই এই সুবিধা থেকে বাদ যাবেন না।”

তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সামাজিক নিরাপত্তা ও সরকারি সেবার আওতায় আনা। এর অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারের হাতে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

একই সময়ের মধ্যে দেশের সব কৃষকের কাছে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার কথাও জানান মীর শাহে আলম। এর মাধ্যমে কৃষকদের সার-বীজ প্রাপ্তি ও কৃষি প্রণোদনা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে রংপুরের কৃতী সন্তান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ‘বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ পরিচালনা, তাঁর পরিবারের সদস্যদের জন্য একটি বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনের জন্য সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পাশে থাকার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মীর শাহে আলম। সম্প্রতি অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে তিনি বিরোধী দলগুলোর বিরুদ্ধে জনস্বার্থের পরিবর্তে বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ করেন।

জ্বালানি তেলের সংকট নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগের প্রসঙ্গে তিনি প্রশ্ন করেন, দেশে তীব্র তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে লংমার্চ কর্মসূচি পালন করল।

সরকারবিরোধী আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, শুধু লংমার্চ করে যদি দেশের সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

সর্বশেষ

ভরিতে আবার কমলো সোনার দাম

এই বিভাগের আরও