অননুমোদিত গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়েছে। এর মধ্যে দুটি গুদাম অনুমোদিত হলেও বাকি দুটি অননুমোদিত বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ যৌথ অভিযান চালিয়ে গুদামগুলো সিলগালা করা হয়। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক তদন্তে গুরুতর অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য গুদামগুলো সিলগালা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে, ‘টস বন্ড’ একটি ডিপ্লোমেটিক ওয়্যারহাউজ, যেখান থেকে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহ করা হয়। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রির অভিযোগ ওঠার পর কয়েক মাস ধরে অনুসন্ধান চলছিল।
এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা ইউনিট কানাডা থেকেও গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করেছে। ওই প্রতিবেদনে শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের কানাডার নাগরিকত্ব, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং অন্তত চারটি কোম্পানির মালিকানার তথ্য পাওয়া গেছে বলে এনবিআর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার ওই কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজের পরিচালক হিসেবে শেখ নুর ইসলাম, তাঁর স্ত্রী শীলা ইসলাম ও মেয়ে তাসনিম ইসলামের নাম রয়েছে।
এনবিআর জানায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দুটি হলেও অভিযানে মোট চারটি গুদামে পণ্য মজুত রাখার তথ্য পাওয়া গেছে। বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে চারটি গুদামই সিলগালা করা হয়েছে।
এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

