আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার ওসি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
নারী ভক্তদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের কার্যকর ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পূজা উদযাপন পরিষদের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য নিয়ে সতর্ক থাকার এবং যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়। গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ারও অনুরোধ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপরও জোর দেওয়া হয়।
এ ছাড়া মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মানা এবং পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখতে পূজা উদযাপন পরিষদের নেতাদের অনুরোধ করা হয়।
কোনো পরিস্থিতি বা ছোটখাটো বিরোধ যাতে বড় ঘটনায় রূপ না নেয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিত উদ্যোগ নিতে বলা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বানও জানানো হয়।
সভায় বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশ এসব মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
শেষে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্ত, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করে চট্টগ্রাম জেলা পুলিশ।

