মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

২০ দিনের মাথায় আবার সয়াবিনের দাম বাড়ানোর আবেদন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

আসন্ন রমজানকে সামনে রেখে বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সরবরাহের সংকটের শঙ্কার মাঝেই সয়াবিন তেলের দাম আরও এক দফা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

- Advertisement -

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার অজুহাতে বাণিজ্য মন্ত্রণালয়ে এ দাম সমন্বয়ের আবেদন করেছে রিফাইনাররা।

তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা ছাড়া হুট করে সয়াবিন তেলের দাম বাড়ানো হবে না।

গত ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এর মাত্র ২০ দিনের মাথায়, গত ২০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে আবার নতুন দাম সমন্বয়ের চিঠি পাঠায় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

চিঠিতে তাদের দাবি, বিশ্ববাজারে টনপ্রতি সয়াবিন তেলের দর ১,২৭০ ডলার থেকে বেড়ে প্রায় ১,৩২৫ ডলারে গিয়ে ঠেকেছে। এর ফলে লিটারপ্রতি প্রায় ১৭ টাকা লোকসান গুণতে হচ্ছে রিফাইনারদের।

সময়মতো দাম সমন্বয় করা না হলে আমদানিকারকরা উৎসাহিত হবেন না, যা পরবর্তীতে রমজান মাসে ভোজ্যতেলের তীব্র সংকট তৈরি করতে পারে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল প্রায় ১,২০০ ডলার, যা আগের সপ্তাহের (১,২২৩ ডলার) চেয়ে কিছুটা কম।

বর্তমানে দেশের খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৪ টাকা, ৫ লিটার ৯৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৫ টাকায় বিক্রি হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই অনেক দোকানে ২ ও ৫ লিটারের বোতলের ঘাটতি দেখা গেছে।

দেশে বছরে ২২ লাখ টনের বেশি ভোজ্যতেলের চাহিদা রয়েছে, যার ৯০ শতাংশের বেশি আর্জেন্টিনা, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র থেকে আমদানির মাধ্যমে মেটানো হয়। রিফাইনারদের নতুন প্রস্তাবের কারণে বাজারে আবারও অস্থিরতা ও ভোজ্যতেলের দাম বাড়ার আশঙ্কায় পড়েছেন সাধারণ ভোক্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও