পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। একই সঙ্গে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
পরবর্তী সময়ে সিআইডি থেকে তাকে পুলিশ সদরদপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে তিনি বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন কামারুম মুনিরা।
২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।

