বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

কোতোয়ালীর চাঁদাবাজি ও ছিনতাই মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলোচিত ও চাঞ্চল্যকর চাঁদাবাজিসহ ছিনতাই মামলার এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি মো. হৃদয়কে (২৭) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাব।

- Advertisement -

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-৯ (সিলেট)-এর এক যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন সরাইল সদর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হৃদয় নগরীর কোতোয়ালী থানার গোয়াল পাড়ার তুলাতুলি বস্তির মো. মাসুদের ছেলে। তার বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় দাঙ্গাহাটি, অবৈধভাবে পথরোধ, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় (মামলা নং-৩৫) একটি মামলা দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত হৃদয় এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে সরাইল উপজেলার পাঠানপাড়া এলাকা থেকে যৌথ দল অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও