বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১০ এয়ারবাস, চুক্তি সই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বহর সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের পাশাপাশি এবার ইউরোপীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এয়ারবাস’ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

- Advertisement -

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস চারটি এ৩৫০-৯০০ (A350-900) এবং ছয়টি এ৩২১নিও (A321neo) মডেলের উড়োজাহাজ সংগ্রহ করবে। এর মধ্যে চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দূরপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে পরিচালনা করা হবে। এতে দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটে যাত্রী পরিবহনে বিমানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

বর্তমানে রাষ্ট্রীয় এই পতাকাবাহী সংস্থার বহরের সিংহভাগই মার্কিন বোয়িংয়ের তৈরি। নতুন প্রজন্মের এয়ারবাস যুক্ত হলে বিমান বাংলাদেশ একই সঙ্গে বোয়িং ও এয়ারবাস উভয় ব্র্যান্ডের উড়োজাহাজ পরিচালনা করার সুযোগ পাবে, যা বিমানের বহরে বড় ধরনের বৈচিত্র্য ও আধুনিকতা আনবে।

উল্লেখ্য, এর আগে বিমানের বহর বাড়াতে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। পরবর্তীকালে সেই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় বর্তমানে মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি বহাল রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও