নগরের সরাইপাড়ায় লোহার জালে জড়িয়ে আহত হওয়া চার ফুট লম্বা একটি শঙ্খিনী সাপের সফল অস্ত্রোপচার করেছেন ভেটেরিনারি সার্জনরা। তিন ঘণ্টার এই অস্ত্রোপচারের পর সাপটি এখন সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৭ অক্টোবর) সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানান সার্জন ডা. মোহাম্মদ রাসেল।
গত ৩ অক্টোবর রাতে সরাইপাড়া এলাকা থেকে সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স বাংলাদেশ’-এর কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী। লোহার নেটে জড়ানো অবস্থায় সাপটির সারা শরীরে ক্ষত ছিল। উদ্ধারের পর তাঁরা সাপটিকে নিয়ে যান নগরের বহদ্দারহাটে এভারকিউর ভেটেরিনারি হসপিটালে।
সাপটির অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ভেটেরিনারি সার্জনরা। ৪ অক্টোবর রাত ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা চলে অস্ত্রোপচার। এতে নেতৃত্ব দেন ডা. মোহাম্মদ রাসেল। তাঁর সঙ্গে ছিলেন ডা. বোরহান উদ্দীন মো. সাজ্জাদ, ডা. জহির উদ্দীন ফয়সাল ও ডা. সাদ্দাম হোসাইন।
ডা. মোহাম্মদ রাসেল জানান, আঘাতে শঙ্খিনীর মাংসপেশি কেটে হাড়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে অস্ত্রোপচারের সময় অন্যান্য অঙ্গ স্বাভাবিক পাওয়া যায়।
চার দিন আগে অস্ত্রোপচার হওয়া সাপটির ক্ষতস্থান ধীরে ধীরে শুকিয়ে আসছে। চলছে অ্যান্টিবায়োটিক। আরেকটু সুস্থ হলে সাপটিকে বনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হবে।

