চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে ভারতের সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রোহিঙ্গা সমস্যা এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি এর পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। সলিমপুর থেকে সন্ত্রাসীদের হটিয়ে সেখানে সুশাসন নিশ্চিত করা হবে।
রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্যাম্পগুলোতে মাদক কারবার ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা জোরদারে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব। জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় এ প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

