চট্টগ্রামের সাতকানিয়া থানার তাহসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মহিউদ্দিনকে (৩০) ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, ঢাকার যৌথ আভিযানিক দল বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মহিউদ্দিন সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আব্দুল মোনাফের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সাতকানিয়া থানায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় হত্যা মামলা (নম্বর-১০) দায়ের করা হয়। মহিউদ্দিন ওই মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার এ আসামি ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির যাত্রাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

