বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ নয়, ‘ক্লিন হার্ট’-এর মতো অভিযানের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের সার্বিক দায়িত্ব থাকলেও বিদ্যমান পরিস্থিতিকে কোনো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

একই সঙ্গে দেশে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো সামরিক বা বিশেষ কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ অপরাধ দমন করতে গিয়ে মাঝেমধ্যে হামলার শিকার বা বাধার মুখোমুখি হয়, যা নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে পুলিশ সর্বাত্মক আইনি তৎপরতা চালিয়ে যাচ্ছে।

আসামি গ্রেফতারের সময় কেউ বাধা সৃষ্টি করলে বা আসামিকে সহযোগিতার প্রমাণ মিললে তার বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

”সাইবার অপরাধ ও শেয়ারবাজার কারসাজি রোধে ফরেনসিক ল্যাব: সাইবার অপরাধের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালনায় আধুনিক প্রযুক্তির এই ল্যাব কাজ করবে।

বর্তমানে অপরাধীরা সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি থেকে শুরু করে শেয়ারবাজারের কারসাজিতেও লিপ্ত হচ্ছে। এসব আধুনিক প্রযুক্তিভিত্তিক অপরাধ দ্রুত শনাক্ত ও বিচারে তথ্য-প্রমাণ সুনির্দিষ্ট করতে ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।

তিনি আরও জানান, দেশের ৮টি বিভাগীয় সদরে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে।

এ ছাড়া সিআইডির বর্তমান রাসায়নিক পরীক্ষাগার (কেমিক্যাল ল্যাব) ও ভিসেরা পরীক্ষার সক্ষমতা আধুনিকায়নের কাজ চলছে।আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও