বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়, এটি এখন আমাদের সার্বজনীন জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজার বংশাল রোডস্থ টেকপাড়া এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের এক হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের উদ্যোগে এই সহায়তার আয়োজন করা হয়।অনুষ্ঠানে মেয়র বলেন, “মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হয়ে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সম্প্রীতির বার্তা ছড়িয়ে বর্তমান সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
শান্তিশৃঙ্খলা বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে চসিক, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সর্বাত্মক তৎপর রয়েছে।
”অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, “স্বাধীন বাংলাদেশে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্মের মানুষের সম্প্রীতি ও মর্যাদা রক্ষায় বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন।”
কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে ও আবু নাছের সাজ্জাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
এ ছাড়া মহানগর ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

