সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভ দেশের সম্পদ ও আবেগের জায়গা: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

যেকোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার জন্য স্থপতি ও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যতটা সম্ভব প্রকৃতির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট না করে উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।

- Advertisement -

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়ন করা উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

স্থপতি ও প্রকৌশলীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ওসমানী উদ্যানের উন্নয়নকাজ করতে গিয়ে বেশ কিছু গাছ কাটা পড়েছে। এ অভিজ্ঞতা থেকে স্থাপত্যশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রকৃতি সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রয়োজন ও মানুষের কল্যাণে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নকাজ চালিয়ে যেতে হবে। তবে এসব কাজের সময় প্রকৃতি ও পরিবেশের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে হবে। সবাই সতর্ক থাকলে প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি তা সামগ্রিকভাবে মানুষের উপকারে আসবে।

পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, কয়েক দিন আগে রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিনি। তাঁর পর্যবেক্ষণে, সরকারি হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ ও পরিচ্ছন্নতা তুলনামূলকভাবে ভালো।

এ সময় নিজ নিজ অবস্থান থেকে চারপাশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ওসমানী উদ্যানের অতীত অবস্থার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, উদ্যানটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়ে ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এটিকে আধুনিক ও সুন্দরভাবে সংস্কার করা হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। উদ্বোধনের মধ্য দিয়ে উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

দর্শনার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ওসমানী উদ্যান ও জুলাই স্মৃতিস্তম্ভ দেখতে এসে কেউ যেন পরিবেশ নষ্ট না করেন কিংবা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভসহ পুরো স্থাপনাটি দেশের সম্পদ এবং মানুষের আবেগের সঙ্গে জড়িত। তাই এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও