সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক হোসেন, বললেন মাদকবিরোধী অভিযান চলবে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়ার দুই দিন পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

- Advertisement -

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান এবং পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীকে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, তাঁর কারণে যেন সরকার ও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ম্লান না হয়। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

ইশরাক বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমি পদত্যাগ করতে চাই। আমার কারণে যেন আপনার এবং সরকারের কোনো কর্মকাণ্ড ম্লান না হয়। তবে আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

গত ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন ইশরাক। গত দুই দিন ধরে অস্ত্র হাতে তাঁর অভিযানে অংশ নেওয়ার ঘটনা দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনায় আসায় এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন স্থানে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাক হোসেনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে রোববার রাতে পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করা হয়।

পরবর্তী সময়ে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সংবাদ সম্মেলনের কথা জানান ইশরাক। পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ইশরাক হোসেন জানান, মন্ত্রিত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও