বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দেশের প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

- Advertisement -

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সালসহ অন্য প্রার্থীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণা কিংবা অন্য কোনো ক্ষেত্রে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

মীর শাহে আলম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে যে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে, তা ভবিষ্যতের নির্বাচন গুলোতেও অব্যাহত থাকবে। আগামী জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে আয়োজন করা হবে।

তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা আরও সুসংহত করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সরকারের নির্বাচনী অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। বরং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ব্যালটের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত করাই সরকারের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে কাজ করবে উল্লেখ করে মীর শাহে আলম আশা প্রকাশ করেন, দেশের মানুষ একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ পাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও