বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য নয়, তদন্তের অপেক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় জেনে এ বিষয়ে কথা বলবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে। তারপর আমরা সব বিষয় জেনে কথা বলবো।’

এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

তাহসিফের মৃত্যুর কারণ এবং এর সঙ্গে কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও