ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ প্রক্রিয়ায় নয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আইনি কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যাবর্তন ও প্রত্যর্পণের মধ্যে পার্থক্য তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, শেখ হাসিনা নাকি দেশে আসতে চাচ্ছেন। তার আইনজীবীরা তার জন্য পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইছেন। কিন্তু তিনি সাধারণ কোনো নাগরিক হিসেবে দেশ ছাড়েননি যে চাইলেই প্রত্যাবর্তন করবেন। প্রত্যাবর্তন হচ্ছে নির্দোষ ব্যক্তির জন্য। আর যার বিরুদ্ধে হাজারো হত্যার মামলা, দণ্ড বা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, তার ক্ষেত্রে প্রযোজ্য হয় প্রত্যর্পণ।
রিজভী আরও বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। একজন অভিযুক্তকে ফেরত আনার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির বিধিবিধান মেনেই তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা বা এনআইডি কার্ডের দাবি অবান্তর।
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে তিনি সরাসরি জড়িত। এ ঘটনায় তার বিচার চলছে এবং সেই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে দেশে আসতে হবে। বিচারে যে দণ্ড হবে, তা তাকে ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে এমন কোনো পরিস্থিতি তৈরির সুযোগ নেই, যেখানে তাকে ফুলের সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সভায় বিএনপি ও মহিলা দলের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

