শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত নেত্রী: চসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুমা বেগম রোজী কবির দলের দুঃসময়ে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিএনপির জন্মলগ্ন থেকেই তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন বলে জানান প্রশাসক।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ হালিশহরের সিমেন্স হোস্টেল সংলগ্ন আবদুল মাবুদ সওদাগর জামে মসজিদে রোজী কবিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইপিজেড থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত এই নেত্রী সংসদ সদস্য থাকাকালে এলাকায় অনেক উন্নয়নকাজ করেছেন। তিনি ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিস্টবিরোধী আন্দোলন এবং ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে তাঁর অসামান্য অবদান দল ও দেশ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর ত্যাগ ও আদর্শ দলের নেতাকর্মীরা আজীবন মনে রাখবেন।

বক্তব্যে তিনি রোজী কবিরের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাঁর কর্মময় রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, রাজনীতিতে রোজী কবিরের বলিষ্ঠ ভূমিকা নেতাকর্মীদের সব সময় অনুপ্রেরণা জোগাবে। দেশ ও দলের স্বার্থে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ছিল প্রশংসনীয়। আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগই ছিল তাঁর সাফল্যের মূলে। কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ায় তিনি জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। সমাজকল্যাণমূলক কাজকে তিনি সব সময় অগ্রাধিকার দিয়েছেন।

দোয়া মাহফিলে রোজী কবিরের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাদের আত্মার মাগফিরাত কামনায়ও মোনাজাত হয়।

মোনাজাত শেষে ডা. শাহাদাত হোসেন মসজিদসংলগ্ন কবরস্থানে রোজী কবিরের কবর জিয়ারত করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়। ইপিজেড থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির পক্ষ থেকেও কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন, সহসভাপতি মো. শরিফ ও আবদুল মান্নান, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান, নেতা মো. আইয়ুব, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউছুপ সুমন, থানা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদ, সদস্যসচিব আকিব জাবেদ, থানা যুবদলের সহসভাপতি দিদারুল আলম ও মো. ফোরকানসহ অনেকে।

সর্বশেষ

এই বিভাগের আরও