শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পিনিয়ামের ছদ্মবেশে ৫ কোটি টাকার স্বর্ণ পাচার, সিটি গেটে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি আকবর শাহ থানার ওসি নাজের হোছাইন।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট পুলিশ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি বাস থেকে নেমে হাতে কাপড়ের শপিং ব্যাগ নিয়ে হেঁটে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিলেন সুধীর। পুলিশ তাঁকে থামতে বললে তিনি কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুধীরের ব্যাগে দুটি গাড়ির পিনিয়াম রয়েছে বলে জানান তিনি। তবে তাঁর কথাবার্তায় সন্দেহ হলে ব্যাগ তল্লাশি করে কালো রং করা দুটি পিনিয়াম উদ্ধার করা হয়। পরে সেগুলোর গায়ে ঘষামাজা করে রং তুলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

উদ্ধার করা পিনিয়াম দুটির একটির ওজন ১ হাজার ৫৬৮ দশমিক ৭৫ গ্রাম এবং অপরটির ওজন ১ হাজার ৫৬০ দশমিক ১৫ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন ৩ হাজার ১২৯ দশমিক ৭ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।

এজাহারে বলা হয়, উদ্ধার করা স্বর্ণের পক্ষে কোনো বৈধ কাগজপত্র বা ক্রয়ের রসিদ দেখাতে পারেননি সুধীর। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশ থেকে চোরাই পথে আসা স্বর্ণ দুটি চট্টগ্রামের হাজারী লেন এলাকার এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। সেগুলো ঢাকার তাঁতীবাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

পরে স্বর্ণের সত্যতা যাচাইয়ের জন্য হাজারী লেন এলাকার একটি গোল্ড টেস্ট ল্যাবে পরীক্ষা করা হয়। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরেক ব্যক্তিকে গ্রেপ্তারে হাজারী লেনসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আকবরশাহ থানার পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমার ধর ও অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও