চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ইরফান হোসেন মুরাদ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা-পুলিশ। এ ঘটনায় তার এক সহযোগী পালিয়ে গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জান্নাতুন নাঈম রাজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইরফানের সহযোগী আমিরুল ইসলাম ওরফে শিফন (২৯) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে ইরফানকে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ইরফান হোসেন মুরাদ ও পলাতক আমিরুল ইসলাম ওরফে শিফনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

