চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপে হানা দিয়ে ১২টি কোরবানির গরু লুট করেছে ডাকাত দল। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি এলাকায় পিকআপ থেকে এসব গরু লুট করে ডাকাতরা।
রোববার রাতে গরুগুলো লুট হলেও এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু গরু বহন করা গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে গরুগুলো উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য ১২টি গরু চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী মাহফুজ। ওই সময় সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় ডাকাতরা পিকআপটি আটকে ১২টি গরু লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে ওই ব্যবসায়ী থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। দুদিন পেরিয়ে গেলেও মহাসড়কে লুট হওয়া গরুগুলো উদ্ধার হয়নি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান বলেন, সোনাইছড়ি এলাকায় একটি স্থানে পিকআপ ভ্যান থেকে ১২টি গরু লুটের ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মাহফুজ আলম নামের এক ব্যবসায়ী।
তিনি আরও বলেন, কোরবানির এই গরুগুলো চট্টগ্রাম নগরীর একটি পশুর হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

