চট্টগ্রামের হাটহাজারীতে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
শনিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়, মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেইট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয়পাশ ও তৎসংলগ্ন এলাকায় শনিবার রাত ১০টা থেকে রবিবার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।
এই সময়ে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং ৫ বা ততোধিক ব্যক্তির একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এদিকে, শনিবার রাত ৮টার দিকে জশনে জুলুসের গাড়ি ভাঙচুরের ঘটনায় দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করে। এর ফলে ওই সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

