সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চীনের অনুদানে রেলপথে আসছে ২০ নতুন লোকোমোটিভ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ২০টি নতুন মিটারগেজ (এমজি) লোকোমোটিভ। এ জন্য সহায়তা হিসেবে চীন অনুদান দিচ্ছে ১২৯ কোটি ৫৪ লাখ ডলার (প্রায় ১ হাজার ৫৯১ কোটি টাকা)। রেল মন্ত্রণালয় ইতোমধ্যে ‘চায়না গ্রান্টের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ’ শীর্ষক প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।

- Advertisement -

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৩৫ কোটি টাকা। এর মধ্যে চীন দেবে ১ হাজার ৫৯১ কোটি টাকা এবং বাকি ৪৪ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (পিডিপিপি) অনুমোদন দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবে। এ সময়ে শুধু লোকোমোটিভই নয়, খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি এবং বাংলাদেশি প্রকৌশলী ও মেকানিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

পুরোনো বহরের সংকট

বর্তমানে রেলওয়ের বহরে মোট লোকোমোটিভ আছে ৩০৬টি—এর মধ্যে ১৭৪টি মিটারগেজ এবং ১৩২টি ব্রডগেজ। তবে ১২৪টি এমজি লোকোমোটিভ অর্থাৎ প্রায় ৭১ শতাংশই নকশাগত আয়ুষ্কাল পেরিয়ে গেছে।

এর মধ্যে ৬৮টি ইঞ্জিন ৪০ বছরেরও বেশি সময় ধরে সচল, আর ৮৪টি ইঞ্জিন চলছে ৩০ বছরের বেশি সময় ধরে। প্রকৌশলীরা বলছেন, পুরোনো ইঞ্জিন সচল রাখতে খরচ বেশি, রক্ষণাবেক্ষণ কঠিন এবং প্রায়ই রেল চলাচলে বিঘ্ন ঘটে।

২০২০ সালের জানুয়ারির ওয়ার্কিং টাইম টেবিল অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও লালমনিরহাট বিভাগে এমজি রুটে প্রয়োজন ছিল ২০৩টি লোকোমোটিভ। বর্তমানে সক্রিয় আছে মাত্র ১৮২টি, ফলে অন্তত ২১টির ঘাটতি রয়েছে।

নতুন ইঞ্জিনে বাড়বে সেবা ও নিরাপত্তা

নতুন ২০টি লোকোমোটিভ যুক্ত হলে যাত্রী ও মালবাহী পরিবহনে নতুন সেবা চালু করা যাবে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ খরচ ও জ্বালানি ব্যয় কমবে। আধুনিক ইঞ্জিন নিরাপদ ও নির্ভরযোগ্য চলাচল নিশ্চিত করবে বলেও আশা করা হচ্ছে।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, শুধু এই প্রকল্পেই সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের লোকোমোটিভে বড় বিনিয়োগ জরুরি। কারণ বর্তমানে বহরের দুই-তৃতীয়াংশের বেশি এমজি ইঞ্জিন আয়ুষ্কাল পার করেছে। সময়মতো প্রতিস্থাপন না হলে রেলওয়ের সেবা ও কার্যকারিতা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

সর্বশেষ

এই বিভাগের আরও