বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’য় পরিণত হয়েছে। এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
এ সময় সারাদেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সমুদ্র উপকূলীয় এলাকা ও সমুদ্রগামী নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

