রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নেইমারের নামে এখন ভরা ব্রাজিল—ফুটবলের ভালোবাসা না নামের পাগলামি?

ক্রীড়া প্রতিবেদক:

ফুটবলের দেশ ব্রাজিল যেন এখন সত্যিকারের ‘নেইমারের দেশ’। অলিতে গলিতে, শহর থেকে গ্রাম—সব জায়গায় শোনা যাচ্ছে এক নাম, ‘নেইমার’! অবাক করার মতো বিষয় হলো, সেখানে শুধু এক নয়, প্রায় আড়াই হাজার মানুষের নামই নেইমার—যাদের মধ্যে আবার ৫০ জন নারী!

- Advertisement -

সম্প্রতি ব্রাজিলের জনপ্রিয় গণমাধ্যম ‘গ্লোবো’ এক চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাবে, বর্তমানে দেশটিতে ২,৪৪৩ জন নেইমার আছেন। ব্রাজিলের ২৭টি রাজ্যের প্রতিটিতেই অন্তত একজন করে নেইমার রয়েছেন।

সবচেয়ে বেশি নেইমার আছেন মিনাস গেরাইসে (৩৭২ জন), এরপর সাও পাওলো (৩৪০ জন), আমাজোনাস (২৩৯ জন) এবং বাহিয়া (২৩২ জন) রাজ্যে।

নেইমারের পেশাদার ফুটবল অভিষেক হয়েছিল ২০০৯ সালে সান্তোস ক্লাবে। তখন তার নামে নামধারীর সংখ্যা ছিল একশরও কম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেইমারের খ্যাতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ‘নেইমার’ নামের জনপ্রিয়তাও।

তবে জনপ্রিয়তার তালিকায় নেইমার এখনো শীর্ষে নন। তাকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে।

ব্রাজিলের পরিসংখ্যান সংস্থা আইবিজিই–এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ২৫,৯৪২ জনের নাম রিকেলমে। নব্বইয়ের দশকের শুরুর দিকে এই নামের মানুষ ছিল মাত্র ২২৮ জন, কিন্তু তার উজ্জ্বল ক্যারিয়ারের সময় (২০০০–২০০৯) সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজারেরও বেশি।

ফুটবল যে ব্রাজিলের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, তা নতুন নয়। তবে এবার প্রশ্ন উঠছে— ফুটবলারের নামে যখন হাজারে হাজার মানুষ নিজেদের পরিচিত করছে, তখন কি দেশটি সত্যিই ‘নাম সংকটে’ ভুগছে? নাকি এটা ফুটবলপ্রেমেরই এক অনন্য প্রকাশ!

সর্বশেষ

এই বিভাগের আরও