রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক:

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ারা। চোট থেকে ফিরে দলে জায়গা পাওয়া মিডফিল্ডার শেখ মোরসালিন হয়েছেন জয়ের নায়ক। ম্যাচের মাত্র ১১ মিনিটেই রাকিবের আড়াআড়ি ক্রসে দারুণ ফিনিশে গোল করে দলকে এগিয়ে নেন তিনি—এটাই শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র ও নির্ণায়ক গোল।

- Advertisement -

২০০৩-এর পর প্রথম জয়

এই জয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক। কারণ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর কোনো স্বীকৃত প্রতিযোগিতায় ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। তাই এবারকার জয়কে ধরা হচ্ছে দুই দশকেরও বেশি সময়ের বড় সাফল্য হিসেবে।

ম্যাচের শুরু থেকে উত্তেজনা

ম্যাচের শুরুতে আক্রমণে কিছুটা ধীরগতির ছিল বাংলাদেশ। অন্যদিকে ভারত কয়েকবার বাংলাদেশ ডি-বক্সে ঢুকলেও রক্ষণের দৃঢ়তায় টিকে যায় স্বাগতিকরা।
২০ মিনিটে গোলকিপার মিতুলের ভুলে গোল হজমের শঙ্কা তৈরি হলেও ডিফেন্ডার হামজা চৌধুরীর হেড ক্লিয়ারেন্সে বিপদমুক্ত হয় বাংলাদেশ।

৩৪তম মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধে আক্রমণ চালায় ভারত

বিরতির পর ভারত দারুণভাবে খেলায় ফিরে আসে এবং কয়েকটি সুযোগও তৈরি করে, তবে গোলের দেখা পায়নি তারা। ৭৮ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন তপু বর্মণ, কিন্তু ভারতীয় গোলরক্ষক তা ফিরিয়ে দেন।

৮৩ মিনিটে ভারতের ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির জোরালো দাবি তোলে বাংলাদেশ, তবে রেফারি সেই আবেদন নাকচ করেন।

স্টেডিয়ামে উপদেষ্টাদের উপস্থিতি

গ্যালারিতে বসে বাংলাদেশকে সমর্থন জানান অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সর্বশেষ

এই বিভাগের আরও