সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না জানিয়েছেন, তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াই করবেন না।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানিয়েছেন।
জেড আই খান পান্না বলেন, “যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তাকে ডিফেন্ড করতে পারি না। যদি আদালতে আমি প্রোপারভাবে নির্বিঘ্নে ডিফেন্ড করতে না পারি, তা হলে আইনজীবী হিসেবে নিযুক্ত হওয়ার কোনো মানে নেই।”
তবে তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার কথা জানিয়েছেন।
আগস্টে জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনার পক্ষে আইনজীবী হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করেনি। ট্রাইব্যুনাল মন্তব্য করে বলেন, “তিনি অন্য কোনো মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগের জন্য আবেদন করতে পারেন।”
পরবর্তীতে ২৩ নভেম্বর দুই মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে মামলা পরিচালনার জন্য প্রোপার ডিফেন্স টিম দরকার। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি আরও শক্তিশালী দল প্রয়োজন।”
জেড আই খান পান্না বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং একজন মানবাধিকার কর্মী।

