সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানানো হবে কিছুক্ষণের মধ্যেই

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন।

- Advertisement -

তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনের এলাকায় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। রাজধানীর বাড্ডা থেকে হাসপাতালের ফটকের সামনে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে জড়িত না। কিন্তু খালেদা জিয়া আমার পছন্দের মানুষ। তাঁর খোঁজ জানতে এসেছি। গত পরশু রাতেও এসেছিলাম।’

কুমিল্লা থেকে এসেছেন বিএনপির কর্মী মাহিদুল ইসলাম। তিনি জানান, “নেত্রীর জন্য খুব খারাপ লাগছিল, তাই ঢাকা চলে এসেছি। সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের দোয়া।”

সরেজমিন দেখা যায়, হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান ফটকের সামনের সড়ক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

এসএসএফের নিরাপত্তা প্রটোকল বাস্তবায়নের অংশ হিসেবে আজ হাসপাতালসংলগ্ন দুটি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পরে তাঁকে আইসিইউ পর্যবেক্ষণে রাখা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতির পর তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও